ঢাকা: ১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, শফিকুর রহমানকে ৫ দিন, তার স্ত্রী বিথীকে ৭ দিন, গৃহকর্মী রুপালী খাতুনকে ৫ দিন এবং মোছা. সুফিয়া বেগমকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর চারজনকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, উত্তরা ৯ নম্বর সেক্টরে শফিকুর রহমানের বাসায় শিশু দেখাশোনার জন্য গৃহকর্মী নেওয়া হবে। এমন কথা জানানো হলে নিরাপত্তাকর্মী গোলাম মোস্তফা তার কন্যা মোহনাকে সেখানে কাজে দেন। আসামিরা তাকে বিবাহসহ যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন। গত বছরের জুন মাসে মোহনাকে ওই বাসায় কাজে দেওয়া হয়।
সর্বশেষ গত বছরের ২ নভেম্বর মোহনাকে সুস্থ অবস্থায় দেখে আসেন তার বাবা। এরপর থেকে তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
গত ৩১ জানুয়ারি বিথী গোলাম মোস্তফাকে ফোন করে জানান, মোহনা অসুস্থ। পরে মোহনাকে আনতে গেলে সন্ধ্যা ৭টার দিকে তাকে হস্তান্তর করা হয়। তখন মোহনাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম ছিল।
মোহনা স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিল না। বিষয়টি জানতে চাইলে সংশ্লিষ্টরা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মোহনা জানায়, ২ নভেম্বর বাবার সঙ্গে দেখা করার পর থেকে বিভিন্ন সময়ে শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে মারধর করেন এবং খুন্তি আগুনে গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।