Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়: আবদুস সালাম

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: পোলিং এজেন্ট ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা – ১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, এখন পর্যন্ত সবকিছু আমাদের অনুকূলে রয়েছে। জনগণ আমাদের পক্ষে আছে, জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। তবে এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে ঢাকা–১৭ আসনের বিএনপি নির্বাচনী প্রধান কার্যালয়ে পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও নির্দেশনা সভায় তিনি এসব কথা বলেন। এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, ভোটের দিন সামান্য কোনো ভুলও হলে তা দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি জানান, প্রতিটি ভেন্যুতে একাধিক ভোটকেন্দ্র থাকায় সমন্বয়ের জন্য আলাদা করে ভেন্যু প্রধান নিয়োগ করা হয়েছে। মোট ৪৭টি ভেন্যুর জন্য ৪৭ জন ভেন্যু প্রধান দায়িত্ব পালন করবেন। কোনো জরুরি পরিস্থিতিতে ভেন্যু প্রধান সংশ্লিষ্ট টিম ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করবেন।

তিনি বলেন, নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পোলিং এজেন্টদের ওপরই ন্যস্ত। কে কেন্দ্রীয় প্রধান বা ভেন্যু প্রধান-তা মুখ্য নয়; মুখ্য হলো পোলিং এজেন্টরা। কারণ, তাদের সততা ও দায়িত্বশীলতার ওপরই নির্বাচনের ফলাফল নির্ভর করে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।

দলের জয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কার কী দায়িত্ব দেওয়া হয়েছে, সেটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দলকে জেতাতে সবাইকে শতভাগ দায়িত্বশীল হতে হবে। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং কোনো অবস্থাতেই কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে ভোটাররা কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হন।

ভোটার উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে আবদুস সালাম বলেন, ভোট যত বেশি হবে, দলের লাভ তত বেশি। ভোটগ্রহণ যেন ধীরগতির না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথাও দীর্ঘ লাইনে ভোটার দাঁড়িয়ে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

ভোটের দিনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে ফজরের নামাজের পরপরই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। খাবার দেরিতে হলেও সমস্যা নেই, কিন্তু দায়িত্ব ছেড়ে যাওয়া যাবে না। পাশাপাশি তিনি পোলিং এজেন্টদের জন্য নির্ধারিত ফর্ম ও বক্স নম্বরের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোট গণনার সময় নিজের কাছে সংরক্ষিত নম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে তা ধরা পড়বে।

দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে আবদুস সালাম বলেন, কোনো কেন্দ্র বা থানায় দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নিতে না পারলে আগেই জানাতে হবে, কারণ বিএনপিতে দায়িত্বশীল মানুষের অভাব নেই।

তিনি আরও বলেন, এটি চেয়ারম্যানের নির্বাচন। এখানে কোনো সুপারিশ বা শৈথিল্যের সুযোগ নেই। আমাদের পেছনে যাওয়ার কোনো পথ নেই, সামনে এগিয়ে জিততেই হবে। জনগণ এখন প্রস্তুত, ধানের শীষ ছাড়া বিকল্প নেই-এ কথা জনগণ বুঝে গেছে। এখন মাঠে থাকা ধান কেটে ঘরে তোলার দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ, সবাই একসঙ্গে কাজ করলে বিজয় নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

পাবনায় ২ বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৪
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮

আরো

সম্পর্কিত খবর