ঢাকা: রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন ও ঐতিহাসিক গণভোট ঘিরে দেশজুড়ে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে নির্বাচনের সময় অনেক ভোটারকেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর নিয়ে ঝামেলা পোহাতে হয়। ভোটারদের এই দুশ্চিন্তা দূর করতে এবং তথ্যপ্রাপ্তি সহজ করতে ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভোটাররা যাতে সহজেই তাদের নির্ধারিত ভোটকেন্দ্র খুঁজে পান এবং লাইনে দাঁড়িয়ে ভোগান্তি এড়াতে পারেন, সেজন্য আধুনিক প্রযুক্তিনির্ভর এই সেবাগুলো চালু করা হয়েছে।
পদ্ধতি ১: Smart Election Management BD অ্যাপ
- স্মার্টফোনে প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করে সহজেই তথ্য পাওয়া যাবে।
- অ্যাপটি ইনস্টল করে এনআইডি (NID) নম্বর ও জন্ম তারিখ প্রদান করতে হবে।
- অনুসন্ধান বাটনে ক্লিক করলেই ভোটার নম্বর, ভোটার ক্রমিক এবং ভোটকেন্দ্রের নাম ও ম্যাপসহ ঠিকানা দেখা যাবে।
পদ্ধতি ২: হটলাইন ১০৫ ও ৩৩৩ (টোল-ফ্রি)
- যেকোনো মোবাইল থেকে নির্বাচন কমিশনের কল সেন্টার ১০৫ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
- এছাড়া সরকারি হেল্পলাইন ৩৩৩ নম্বরে ডায়াল করে ৯ চেপেও নির্বাচন সংক্রান্ত সব সহায়তা পাওয়া যাবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
পদ্ধতি ৩: এসএমএস (SMS) সেবা
- স্মার্টফোন না থাকলেও সাধারণ মোবাইলে এসএমএস-এর মাধ্যমে তথ্য পাওয়া যাবে।
- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC <space> NID Number
- এরপর পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও কেন্দ্রের নাম চলে আসবে।
পদ্ধতি ৪: ইসি ওয়েবসাইট
- নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমেও ভোটকেন্দ্রের তালিকা দেখা যাবে। এখানে এনআইডি দিয়ে ব্যক্তিগত তথ্য যেমন পাওয়া যাবে, তেমনি পুরো নির্বাচনি এলাকার সব কেন্দ্রের তালিকা দেখার সুযোগও রয়েছে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের সঠিক অবস্থানও দেখা যাবে।