Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্র দখলের কোনো ঘটনা এখন পর্যন্ত নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আজকের দিনটি দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই যে, এটি উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে উদযাপিত হোক। আল্লাহ চাইলে, আমরা একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন দেখতে পাব।

তিনি বলেন, দেশের কোথাও কোনো ভোটকেন্দ্র দখলের ঘটনা তাদের কাছে এখনও রিপোর্ট হয়নি। তাই বলা যায়, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এক ব্যক্তির হয়ে অন্যজন ভোট দেওয়ার মতো অভিযোগ সম্পর্কে সর্তক থাকবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ভিডিও বা প্রমাণ থাকে, আমাকে দেখাতে হবে। একজনের বদলে অন্যজন ভোট দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখব।

স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেন, বিভিন্ন জেলায় ছোটখাটো ঘটনা ঘটেছে, তবে সেগুলো প্রাথমিক ও সীমিত। তিনি ভোটার ও জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে এবং নিয়ম মেনে অংশ নিতে আহ্বান জানান।

তিনি বলেন, কেন্দ্র দখলের কোনো খবর আমাদের কাছে আসেনি। সাংবাদিকরা যদি সত্যি ও সঠিক তথ্য প্রকাশ করেন, তা দেশবাসীসহ সবাইকে উপকৃত করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশে মোট ২৯৯ সংসদীয় আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর