ঢাকা: ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন জেলা থেকে বিএনপি প্রার্থীদের বিজয়ের খবর আসছে, এমন তথ্য ছড়িয়ে পড়ার পর দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই গুলশান কার্যালয়ের সামনে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন আসনে এগিয়ে থাকার খবর পৌঁছাতে শুরু করলে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। কেউ কেউ স্লোগান দেন, আবার অনেককে একে অপরকে অভিনন্দন জানাতে দেখা যায়।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অবস্থান করে সারাদেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি দলীয় প্রার্থী ও সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করছেন।
গুলশান-২–এ স্থাপিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সার্বক্ষণিক তদারকি করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। নির্বাচন-সংক্রান্ত সার্বিক সমন্বয় কার্যক্রমে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
এদিকে, নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে কিছুক্ষণ পরপর সংবাদ সম্মেলন করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন এবং মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তারা বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত ফলাফল ও পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করছেন।
কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন তারা। চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত দলীয় কার্যালয়েই অবস্থান করবেন বলে জানিয়েছেন অনেকে।