ঢাকা: দেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্র থেকে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেনে।
ভোটারদের আশ্বস্ত করে সিইসি নাসিরউদ্দিন বলেন, ‘কোনোরকম কারসাজি নয়, জনগণের রায়ই প্রতিফলিত হবে চূড়ান্ত ফলাফলে।’
সিইসি আরও বলেন, “এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে হয়েছে। ছোটখাটো কিছু সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিকভাবে এটি একটি ‘বেঞ্চমার্ক’ বা আদর্শ নির্বাচন হিসেবে ইতিহাসে থাকবে।”
তিনি বলেন, ‘প্রায় ১৭ লাখ সরকারি কর্মকর্তা-কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিয়েছেন। গণভোটসহ এত বড় আয়োজন সফল করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।’
সিইসি সাফ জানিয়ে দিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সই করা অফিশিয়াল রেজাল্ট ছাড়া অন্য কোনো অসমর্থিত ফলাফল কমিশন গ্রহণ করবে না। তিনি বলেন, ‘আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না।’
ফলাফল ঘোষণা করতে কেন দেরি হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এবার সাধারণ ভোটের সাথে গণভোট ও পোস্টাল ব্যালট যুক্ত থাকায় গণনা কিছুটা সময়সাপেক্ষ। তবে একে অনিয়মের সুযোগ হিসেবে না দেখার জন্য তিনি অনুরোধ করেন।’
সিইসি জোর দিয়ে বলেন, ‘অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের ভোট যেকোনো মানদণ্ডেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন দেখার বিষয়, প্রার্থীরা এবং সাধারণ জনগণ এই ফলাফলকে কতটা ইতিবাচকভাবে নেন।’