ঢাকা: ভোটাধিকার প্রয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিকট অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, একই কেন্দ্রে ২০১৮ সালে তিনি ভোট প্রদান করতে এসে শোনেন যে, তার ভোট হয়ে গেছে। অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সেই আক্ষেপের খণ্ডিত বক্তব্য কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নানা অপপ্রচার করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব হীন অপপ্রচারকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে ডিএমপি। সর্বসাধারণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।