Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাসক নয়, আমি আপনাদের প্রতিনিধি থাকব: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৩

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: শাসক নয়, প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটের দিকে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনি জয়ী এই ইসলামি বক্তা তার অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ অঙ্গীকার করেন। সেখানে তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও বলেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় কুষ্টিয়াবাসী,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের অগাধ ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আপ্লুত।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, ‘এই বিজয় কোনো এক ব্যক্তির বিজয় নয়, এই বিজয় কুষ্টিয়ার প্রতিটি মানুষের, প্রতিটি শ্রমজীবী মানুষের, প্রতিটি তরুণের স্বপ্নের বিজয়। এই বিজয় মেহনতী মানুষের আত্মমর্যাদার বিজয়। এই বিজয় জুলুম, অন্যায় ও অবহেলার বিরুদ্ধে গণমানুষের জাগরণের প্রতিফলন।’

প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে আমির হামজা লিখেন, ‘প্রিয় কুষ্টিয়ার জনগণ, নির্বাচনের আগে আমি আপনাদের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি কথা দিয়েছিলাম, কুষ্টিয়াকে একটি নিরাপদ, উন্নত ও মানবিক শহরে রূপান্তর করব। ইনশাআল্লাহ, আমরা দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে সেই প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করব। এই পথ সহজ হবে না। কিন্তু আপনাদের ভালোবাসা ও সমর্থন থাকলে কোনো বাধাই অতিক্রমের বাইরে নয়।’

আমির হামজা আরও লিখেন, ‘এই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমারই কিছু ভাই অংশগ্রহণ করেছেন। আমি তাদের প্রতি সম্মান জানাই। নির্বাচন ছিল প্রতিযোগিতা, কিন্তু এখন সময় ঐক্যের। কুষ্টিয়ার উন্নয়নের স্বার্থে আমি তাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমরা সবাই মিলেই আমাদের প্রিয় কুষ্টিয়াকে এগিয়ে নিয়ে যাব।’

জামায়াতের এই নবনির্বাচিত সংসদ সদস্য উল্লেখ করেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে থাকব, শাসক হিসেবে নয়। আপনাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকব, উন্নয়নের প্রশ্নে নিরলস পরিশ্রম করব।’

তিনি আরও লিখেন, ‘চলুন আমরা বিভাজন ভুলে গিয়ে একটি সুন্দর, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, আধুনিক কুষ্টিয়া গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হোন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।’

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ৩টি আসনেই বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩

আরো

সম্পর্কিত খবর