Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩

নিহত ওসমান সরদার।

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম ওসমান সরদার (২৯)। তিনি সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিমের সমর্থক ছিলেন। নিহতের বড় ভাই এনামুল কবির সরদার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার বলেন, ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়ার (সতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রতীক) লোকজন কই গেল বলে খুঁজছিল। এ সময় আমার ভাইসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকরা। পরে গুরুত্বর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা খুলনায় পাঠান। শনিবার সকাল সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, লোক মুখে ওসমান সরদারের মৃত্যুর খবর শুনে এলাকায় পুলিশ পাঠিয়েছি। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। তারা দুজনেই পরাজিত হয়েছেন এবং জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ নির্বাচিত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর