কুমিল্লা: কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভয়ভীতি ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতিকের প্রার্থী মো. জসিম উদ্দিন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা জসিম উদ্দিন দাবি করেন, নির্বাচনের আগের দিন থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি নেতা মো. আবুল হাসনাতের সমর্থকরা ভোটের পরিবেশ নষ্ট করতে নানা অপকর্মে জড়িত ছিল।
তিনি বলেন, সুবিল ও মোহনপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের অবৈধ অর্থ বিতরণের সময় স্থানীয়রা তাদের আটক করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে জামায়াতপন্থী ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্রের মহড়া দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ আটজন আটক হওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন।
জসিম উদ্দিন আরও বলেন, এসব ঘটনার পরও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। কিন্তু ভোটের দিন তার এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। কিছু কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে আগেই বিপুলসংখ্যক ব্যালটে সিল মেরে রাখা হয় এবং ভোট শেষ হওয়ার অন্তত এক ঘণ্টা আগে সেগুলো ব্যালট বাক্সে ঢোকানো হয়।
তিনি অভিযোগ করেন, এসব অনিয়মের প্রতিবাদে তিনি ভোট বর্জনের ঘোষণা দিলেও ফলাফলে তার নিজের কেন্দ্রেও তাকে পরাজিত দেখানো হয়েছে, যা তার ভাষায় সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্র গোপালনগরে তাঁর একটি ভোটও গণনা হয়নি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অনেক এলাকায় তার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঘটনা ঘটেছে। নগদ অর্থ বিতরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও করেন তিনি। প্রশাসনকে সব অনিয়ম জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন এই প্রার্থী।
দেশবাসী ও নির্বাচন কমিশনের উদ্দেশে জসিম উদ্দিন বলেন, ‘এই প্রহসনের নির্বাচন, সন্ত্রাস ও কালোটাকায় প্রভাবিত নির্বাচন বাতিল করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত নির্বাচন দিতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবু তাহের মজুমদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লাসহ অন্যান্যরা।