Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার গাবতলীতে নিজ বাড়ির সামনে সাইফুল ইসলাম (৪০) নামের এক ট্রাক মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে। পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

জানা গেছে, সাইফুল ইসলাম প্রতিদিন গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরতেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতেও তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। পরে ভোরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের মেয়ে সাদিয়া আক্তার জানান, তার বাবা প্রতিদিন দেরি করে বাড়ি ফেরেন। কিন্তু ভোরেও যখন বাবা ফিরছিলেন না তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে বাড়ির সামনেই বাবার রক্তাক্ত লাশ পাই।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে। তার গলা ও মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক কোনো দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

বিজ্ঞাপন

বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর