ঢাকা: দায়িত্ব পালনকালে বাসের বেপরোয়া গতির কারণে নির্মম মৃত্যুর শিকার হয়েছেন বগুড়া জেলার শেরপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. আহসান হাবীব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শেরপুর ফায়ার স্টেশনে সেন্ট্রির দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আহসান হাবীবের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামের মৃত আবেদুর রহমান সরকারের ছেলে।
শাহজাহান শিকদার বলেন, এদিন শেরপুর ফায়ার স্টেশনে একটি দুর্ঘটনার সংবাদ আসলে ফায়ার ঘণ্টা বাজান আহসান হাবীব। এরপর ১টি ইউনিট বের হওয়ার সময় মেইন গেট খুলে টার্ন আউটের গাড়ি বের হওয়ার জন্য তিনি রাস্তায় ১টি ট্রাককে থামান। ট্রাকটি থামার কিছুক্ষণের মধ্যেই বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাকটি স্টেশনের ভিতর ঢুকে গেলে আহসান হাবীব ট্রাকের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
আহসান হাবীবের মৃত্যুতে শোক প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
মৃতদেহের ময়নাতদন্ত শেষে বগুড়া ফায়ার স্টেশনে ১ম জানাজায় আহসান হাবিবের সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। গ্রামের বাড়িতে আহসান হাবীবকে দাফন করা হবে।