ঢাকা: পুরো পবিত্র রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আদালতের এই নির্দেশনার ফলে রমজান মাসজুড়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ ও পর্যবেক্ষণ পরে জানা যাবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৫ জানুয়ারি এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।
রিটে উল্লেখ করা হয়, বাংলাদেশের অধিকাংশ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি দীর্ঘদিনের প্রথা ও রীতি রয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, আইন ও স্বীকৃত প্রথার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সে হিসেবে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত সাংবিধানিক ভিত্তিহীন।
এ ছাড়া রিটে আরও বলা হয়, রমজান মাসে শিশু-কিশোরদের নিয়মিত স্কুলে যাতায়াত ও ক্লাসে অংশগ্রহণ রোজা পালনে তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে, যা ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি এ সময় স্কুল খোলা থাকলে শহরগুলোতে যানজট বেড়ে নগরবাসীর দুর্ভোগও বৃদ্ধি পায়।
নোটিশের কোনো জবাব না পাওয়ায় আদালতের শরণাপন্ন হওয়া হয়। শুনানি শেষে আদালত পুরো রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।