ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা চললেও এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো দাফতরিকভাবে কোনো তথ্য পায়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।
শপথ কে পড়াবেন- এমন প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে, পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াবেন। বর্তমানে এটুকু আইনি বিধানই আমাদের জানা। তবে শপথের দিনক্ষণ নিয়ে কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু অবগত নয়।”
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার বিশ্বাস ছিল একটি ভালো নির্বাচন হবে। আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। আমাদের প্রত্যাশার চেয়েও নির্বাচন বেশি সফল হয়েছে বলে আমরা মনে করি।”
এ সময় নির্বাচনের ফল নিয়ে ১১ দলীয় জোটের আপত্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কোনো তড়িঘড়ি নয়, বরং নিয়ম মেনেই নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়েছে। ভোট গণনার কাজে অত্যন্ত দক্ষ ব্যক্তিদের নিয়োজিত করা হয়েছিল, তাই ত্রুটির সুযোগ নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘তাদের যেই দাবি সেই দাবিটির বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে, যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোন অভিযোগ থাকে তারা সেটি হাইকোর্টকে জানাতে পারবেন। হাইকোর্ট সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।’
উল্লেখ্য, আজ দুপুরে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও গণনায় গুরুতর অনিয়ম হয়েছে। এই অভিযোগে জোটটি ৩২টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে।
শেরপুর ৩ আসন
এদিকে, শেরপুর ৩ আসনের নির্বাচন নিয়ে এখনো কমিশন সিদ্ধান্ত নেয় নি। খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। জানান, শেরপুর ৩ আসনের নির্বাচনও আমাদের করতে হবে। কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি, নিলে তখন জানানো যাবে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।