Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১১

-ছবি : প্রতীকী

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত নতুন সময় বেঁধে দিয়েছেন। একই সঙ্গে মামলার পুনঃতদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–কে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম নতুন করে ১৯ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযুক্তদের মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন এবং ছয়জন পলাতক।

বিজ্ঞাপন

তবে ওই অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৫ জানুয়ারি নারাজি আবেদন করেন। পরে আদালত মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়ে সিআইডির কাছে হস্তান্তর করেন।

সিআইডি দায়িত্ব পাওয়ার পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রুবেল আহমেদকে গ্রেপ্তার করে। তাকে দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরোনো পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর