ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকে দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছে এনসিপি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন এমন মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, ‘নির্বাচনের ফলাফল নিয়ে কিছু আসনে প্রশ্ন থাকলেও রাজনৈতিক সৌজন্যতার জায়গা থেকে তারেক রহমানের এ সাক্ষাৎ প্রশংসনীয়। বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দনও জানানো হয়েছে।’
আখতার হোসেন বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে দুই দলের শীর্ষ নেতার এ বৈঠক দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের আভাস দেয়। মতভিন্নতা থাকার পরও জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে রাষ্ট্র সংস্কার ও বিচারসংক্রান্ত ইস্যুতে পারস্পরিক মতবিনিময় হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও মতাদর্শ আলাদা হতে পারে, তবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পরিবেশ অটুট থাকা প্রয়োজন। এনসিপি সেই সংস্কৃতির প্রত্যাশা করে।’
ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে বিএনপির পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের বিষয়েও আলোচনা হয়েছে।
সাক্ষাৎ শেষে তারেক রহমানকে শাপলা কলির কাঠামো উপহার দেওয়া হয় বলে জানান আখতার হোসেন।