ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন বলে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করেছেন। এর প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে।
সোমবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই গেজেটে জানানো হয়েছে। তারেক রহমান সংবিধানের বিধান অনুযায়ী দুটি আসনের মধ্যে ঢাকা-১৭ আসনটি রাখার পক্ষে ইসিতে ঘোষণাপত্র দিয়েছেন। এর ফলে সোমবার থেকেই বগুড়া-৬ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য বলে গণ্য হবে।
তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকার গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ এবং তার পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে জয়ী হলেও তাকে শপথ নেওয়ার আগে একটি নির্দিষ্ট আসন বেছে নিয়ে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে, যেখানে তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
শেরপুর-৩ ও বগুড়ায় উপ-নির্বাচন শিগগিরই
এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন এবং স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে নতুন করে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল তফসিলে শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ বাতিল করা হয়েছিল।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ প্রসঙ্গে বলেন, “সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। শেরপুর-৩ আসনে নতুন তফসিল এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে কমিশন ‘শিগগিরই’ বৈঠকে বসবে। দ্রুততম সময়ের মধ্যে এই দুই আসনের নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে এবং আগামীকাল নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।