ঢাকা: আসন্ন পবিত্র মাহে রমজানে রাজধানীর মার্কেট ও বিপণি বিতানগুলোতে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা মহানগর পুলিশ-এর সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকার বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ দাবি জানান। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় ঢাকা মহানগর এলাকার বিপণি বিতান, শপিংমল সমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানে যানজট নিরসনের জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। রমজান মাসে যাতে সড়কে যানজট সৃষ্টি না হয় ও পথচারী চলাচলের রাস্তা ফুটপাত ব্যবহার করে মানুষ যেন অনায়াসে চলাফেরা করতে পারে সেজন্য পুলিশের পাশাপাশি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি শপিংমলের সামনে এবং আশেপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা হচ্ছে যানজট। রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি। সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসন্ন পবিত্র মাহে রমজানে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত দেন।
উক্ত সমন্বয় সভায় বিপণী বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।