Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সরকারের শপথের দিনে বিনিয়োগকারীদের সতর্ক নজর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষিত অংশগ্রহণমূলক নির্বাচনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এই কারণে বিনিয়োগকারীদের সব নজর ছিল শপথ অনুষ্ঠানের দিকে। এ পদক্ষেপের মাধ্যমে শুরু হলো নির্বাচিত নতুন সরকারের কার্যক্রম, যা দেশের অন্যান্য খাতের পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্ব দেবে। সে কারণে নির্বাচনের পরদিন যেভাবে পুঁজিবাজারে আকাশচুম্বী উত্থান ছিল, দুই দিনে সেখান থেকে মূল্য সংশোধন ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ওঠাপড়া ছিল সীমিত, তবে টাকার অংকে লেনদেন কিছুটা কমে গেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দরও কমেছে। বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেয়ার কারণে বাজারের এমন পরিস্থিতিকে বাজার বিশ্লেষকরা স্বাভাবিক বলছেন।

বিজ্ঞাপন

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৫৭০.৫৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৭ পয়েন্ট কমে ১,১১৭.১৬ পয়েন্টে অবস্থান করছে, আর ডিএসই-৩০ সূচক ৯.৫২ পয়েন্ট কমে ২,১২৬.২৪ পয়েন্টে রয়েছে।

আজ ডিএসই-তে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৩১টির দর বেড়েছে, ২৩৮টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই-তে আজ মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকা, যা আগের দিনের ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার তুলনায় প্রায় ৩৪ কোটি ৭৩ লাখ টাকা কম।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন এই লেনদেন ছিল ১৩ কোটি ৫৫ লাখ টাকা। সিএসই-তে লেনদেন করা ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির শেয়ার দর বেড়েছে, ১১২টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৯.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৬.৯৫ পয়েন্টে। এর আগের দিন সূচক ৭.৫৭ পয়েন্ট বেড়েছিল।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের শপথ গ্রহণের প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা আপাতত রক্ষণশীল অবস্থান নিয়েছে, যা আজকের লেনদেন কম হওয়ার মূল কারণ।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর