Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের ফল স্থগিত করার রিটের বিপক্ষে নামছেন শিশির মনির

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

আইনজীবী শিশির মনির – ছবি : সংগৃহীত

ঢাকা: গণভোটের ফল স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনকে চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ রিট মামলা আদালতেই মোকাবিলা করা হবে।

পোস্টে তিনি লেখেন, ‘গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিলের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ আবেদন দায়ের করেন।

বিজ্ঞাপন

রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। দেশব্যাপী অনুষ্ঠিত এ গণভোটে ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর