Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমান উদ্ভাবক, উচ্চকক্ষের আইডিয়া বিএনপিরই: কায়সার কামাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০

নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল – ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদের উচ্চকক্ষ গঠনের ধারণাটি বিএনপিরই প্রস্তাব এবং এর উদ্যোক্তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টারস ফোরাম-এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমানে দেশের সংবিধানে উচ্চকক্ষের ব্যবস্থা নেই। তবে বিএনপি প্রথম থেকেই সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার প্রস্তাব দিয়ে আসছে। উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে এবং এর কাঠামো কেমন হবে। এসব বিষয় নির্বাচিত সংসদই চূড়ান্তভাবে নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০২৩ সালের ১১ জুলাই ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার মধ্যেই সংসদের দ্বিকক্ষ ব্যবস্থা নিম্নকক্ষ ও উচ্চকক্ষ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে সেখানে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবারে সীমাবদ্ধ রাখার কথাও বলা হয়েছে। তার মতে উচ্চকক্ষের ধারণাটি বিএনপির বিশেষ করে তারেক রহমানের চিন্তাভাবনা থেকেই এসেছে।

কায়সার কামাল বলেন, কেউ যদি দাবি করে যে বিএনপি উচ্চকক্ষ চায় না তবে সেটি সম্পূর্ণ অপপ্রচার। উচ্চকক্ষের প্রস্তাব বিএনপির পক্ষ থেকেই এসেছে। এখন প্রশ্ন হলো এটি আসনভিত্তিক হবে কি না। গঠনপ্রক্রিয়া কেমন হবে এবং কার্যক্রম কীভাবে চলবে। এসব বিষয় সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে। তবে উচ্চকক্ষ থাকবে এ বিষয়ে বিএনপি পরিষ্কার অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে ল’ রিপোর্টারস ফোরাম–এর সভাপতি হাসান জাভেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

শপথ নিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর