ঢাকা: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ-এর সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, কল্লোল বিশ্বাস যখন যশোরের মনিরামপুরে কর্মরত ছিলেন, তখন তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা (নম্বর-১৮/২০২৫) রুজু করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
ইসি সূত্র জানায়, কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্যাট ও ট্যাক্সের টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
আদেশে আরো বলা হয়, অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনা করে জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। এরই প্রেক্ষিতে: সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক কেবল খোরপোষ ভাতা (Subsistence Allowance) ও অন্যান্য আইনানুগ সুবিধা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।