ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত আগামী ৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মোট ৯৩ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাওয়া হলো।
প্রসঙ্গত: ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক-এ থাকা বাংলাদেশ ব্যাংক-এর হিসাব থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়।
তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকাররা এই অর্থ পাচার করেছে।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা ও দণ্ডবিধির ৩৭৯ ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডির অধীনে রয়েছে।