ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ের গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন- বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে হত্যাযজ্ঞ পরিচালনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর যে ব্যাপক সহিংসতা চালানো হয়, তার পেছনে মাস্টারমাইন্ডদের মধ্যে জয় ও পলক অন্যতম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের দায়িত্বে থাকায় তারা আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে ঘটনাপ্রবাহকে আড়াল করতে এবং সহিংসতা পরিচালনায় সহযোগিতা করেন বলে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, গণহত্যায় সহায়তার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান–এর সঙ্গে পলকের আলোচনা ও পরিকল্পনার বিষয়েও প্রসিকিউশনের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। মামলায় এসব ষড়যন্ত্র ও পরিকল্পনার উপাদান তুলে ধরা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, ইন্টারনেট বন্ধ রাখার মাধ্যমে বিশ্ববাসীর কাছে ঘটনাগুলো গোপন করার চেষ্টা করা হয় এবং অভিযুক্তরা হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। এসব অভিযোগের সমর্থনে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
মামলাটির সাক্ষ্যগ্রহণ আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।