ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে এক বিশেষ ভাষণে এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হতে যাওয়া রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসের প্রকৃত মর্মার্থ যদি আমরা উপলব্ধি করতে পারি, তবে কোনোভাবেই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের সমাজের অনেকের মধ্যেই এই পবিত্র মাসটিকে ঘিরে অধিক মুনাফা লাভের একটি অনাকাঙ্ক্ষিত প্রবণতা লক্ষ্য করা যায়, যা মোটেও কাম্য নয়।’
প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘রমজানকে আপনারা কেবল মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। হাজারো প্রাণের বিনিময়ে এবং দীর্ঘ সংগ্রামের পর একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তাই জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে না যায়, সে বিষয়ে সকল পর্যায়ের ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।’
বাজার সিন্ডিকেট প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার ও অনিয়মের দেয়াল ভেঙে দিতে বদ্ধপরিকর। অতীতের ন্যায় কোনো সিন্ডিকেটকে সাধারণ মানুষের পকেট কাটতে দেওয়া হবে না। ছোট, মাঝারি কিংবা বড়; সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের ন্যায্য স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। জনবান্ধব এই সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রধানমন্ত্রী দেশবাসীকে রমজানের সংযম ও ত্যাগের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ব্যবসায়ীদের সহযোগিতা এবং সরকারের কঠোর নজরদারির মাধ্যমে এবারের রমজানে মানুষ স্বস্তিতে বাজার করতে পারবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মাসটি অতিবাহিত করতে সক্ষম হবে।’