ঢাকা: খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা গভীর উদ্বেগের সাথে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি ও জোট শরীক সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। এতে জুলাই গণঅভ্যুত্থান চেতনাকে অবমূল্যায়ন করা হয়েছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করেছে বিধায় কোনরূপ টালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। বিএনপিকে ভুলে গেলে চলবে না, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহিদ ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগের বিনিময়ে তারা আজকে সরকার গঠন করতে সক্ষম হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা এসব কথা বলেন।
তারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। যার কারণে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ-৫, খুলনা-৪ সংসদীয় আসনসহ অনিয়ম হওয়া সকল আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। প্রমাণসহ উচ্চ আদালতে রিট করার উদ্যোগ নিয়েছে। আশা করছি আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন। মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন অপতৎপরতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। বৈঠকে জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিলসহ অন্যান্যরা।