Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪

কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন – ছবি : সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন।

এর আগে, কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।

বিজ্ঞাপন

ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ২২ আগস্ট পুলিশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থান দমন করতে গিয়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় মেননকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলা রয়েছে। তদন্তের প্রয়োজনে তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর