ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২–এ তিনটি মামলার রায় হয়েছে। তবে এসব রায় এখনও কার্যকর হয়নি। এর মধ্যে একটি মামলায় দণ্ডিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আরও বলেন, যেসব দণ্ডিত আসামি বিদেশে পলাতক রয়েছেন, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে হবে। এই দায়িত্ব বর্তমান বিএনপি সরকারের। তাদেরই এ উদ্যোগ নিতে হবে।
আখতার হোসেন জানান, তিনি ট্রাইব্যুনালের দুটি মামলার সাক্ষী। নিজের সাক্ষ্যগ্রহণের সময়সূচি জানতে এবং বিচার কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।
বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের প্রতিটি মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং দণ্ডিতদের সাজা নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের গতি মন্থর হবে না।