Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশা আরোহী শিশু নিহত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা।

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মোহাম্মদ তাহসিন (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় সিএনজিতে থাকা আরও পাঁচ যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরইতলী-মগনামা সড়কের পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আব্দুল হকের ছেলে।

আহতরা হলেন- নিহত শিশুর মা শারমিন আক্তার আনারকলি (৩৫), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশুসন্তান আব্দুর রহমান (১) ও আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুস (৬৫) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে, সেনাবাহিনীর সদস্য শাহেদ করিম (৩০)।

বিজ্ঞাপন

আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় শারমিন আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা চকরিয়া থেকে অটোরিকশাতে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কুতুবদিয়ার কৈয়ারবিল যাচ্ছিলেন। মাতবরপাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে কক্সবাজারগামী বলাকা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু তাহসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে যানবাহন দুটি জব্দ করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর