ঢাকা: ঢাকা-৪ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, ‘জামায়াতে ইসলামীর এমপিরা সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবে। নির্বাচিত হওয়ার আগেই আমির ঘোষণা দিয়েছেন আমরা শাসক নয় সেবক হতে চাই।’
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে জনগণের ভোট কারচুপি করে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। কারচুপির বহু প্রমাণ এরই মধ্যে জাতির সামনে উম্মোচন হয়েছে। ঢাকা-৪ আসনের জনগণের ভোট নিয়েও নানারকম টালবাহানার চেষ্টা করা হয়েছে। তবে এখানকার জনগণ নিজেদের ভোটের হিসাব বুঝে নিতে সজাগ ছিল। যার কারণে দিনভর নাটকীয়তা চালিয়েও ঢাকা-৪ আসনে জনগণের ভোট নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে পারেনি। জনগণের ভোটের হিসাব বুঝিয়ে দিতে প্রশাসন বাধ্য হয়েছে।
জয়নুল আবেদীন বলেন, এই ইফতার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগার থেকে নয় জামায়াতে ইসলামীর দলীয় অর্থায়নে উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সমাজ সেবার অংশ হিসেবে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যাক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
কদমতলী পশ্চিম থানা আমির মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী পূর্ব থানা আমীর মো. আব্দুর রহিম জীবন, কদমতলী মধ্য থানা আমির মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্যরা।