Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২

চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: মহান শহিদ দিবসে চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বন্দরনগরীর বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ।

শুক্রবার রাতে একুশের প্রথম প্রহরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। এরপর আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে প্রভাতফেরিতেও বিপুল মানুষের সমাগম হয় শহিদ মিনারে।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে পুলিশের একটি চৌকস দলের গার্ড অব অনারের মধ্য দিয়ে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের সূচনা হয়। এর আগেই শহিদ মিনার প্রাঙ্গনে হাজারো মানুষের সমাগম ঘটে।

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। ছবি: সারাবাংলা

মূল পর্বের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম নগরীর দুই আসনের সংসদ সদস্য নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও দক্ষিণের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানও মেয়রের সঙ্গে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

এ সময় সিটি মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভাষা সৈনিকেরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার নাজির আহমেদ খান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ছবি: সারাবাংলা

এরপর ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে প্রথমে বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা পরিষদ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, পিবিআই, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বিভাগীয় সমাজসেবা অধিদফতর, বন বিভাগ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডসহ আরও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রথম প্রহরের পর্ব শেষে আজ শনিবার ভোরে প্রভাতফেরি শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আরও নানা শ্রেণিপেশার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন শহিদ মিনারে। অমর একুশের গান গেয়ে নগ্ন পায়ে তারা শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ছবি: সারাবাংলা

বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন ইউনিট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, জেএসডি, ন্যাপ, বাসদ, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), ট্রেড ইউনিয়ন কেন্দ্র, পরিবহন শ্রমিক ফেডারেশন, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, নির্মাণ আবৃত্তি অঙ্গন, খেলাঘর চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম চলচ্চিত্র সংসদ, জেলা শিল্পকলা একাডেমি, উচ্চারক, বৌদ্ধ সমিতিসহ আরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর