Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশের প্রথম প্রহরে তিতুমীর কলেজ শহীদ মিনারে পুষ্প অর্পণ

তিতুমীর কলেজ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে প্রথম প্রহরে কলেজ প্রশাসন, সাধারণ শিক্ষার্থী এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠন গুলো শহীদ মিনারে পুষ্প অর্পণ করে।

অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি)। আজকের এ দিনে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো।

শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিতুমীর কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে তিতুমীর কলেজে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন এটি।

বিজ্ঞাপন

১৯৫২ সালের এই দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহিদ হন। তাদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

একুশে ফেব্রুয়ারি সাধারণ ছুটি। এ দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। এছাড়াও সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো

সম্পর্কিত খবর