রংপুর: রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে এবং এনসিপি নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের রোববারের (২২ ফেব্রুয়ারির) সফর ঘিরে হারাগাছ পৌর এলাকায় বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টার হরতাল ডেকেছে পৌর বিএনপি। একই সঙ্গে তাকে হারাগাছে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু এ কর্মসূচি ঘোষণা করেন।
নেতারা বলেন, আখতার হোসেনের আগমনের খবর পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা এরই মধ্যে পুনর্গণনার দাবি জানিয়েছেন। হারাগাছসহ পীরগাছা-কাউনিয়া এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ‘শাপলা কলি’ প্রতীকে বিজয়ী হয়েছেন। ফলাফলে তিনি প্রায় ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পরাজিত হয়ে ভোট কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে পুনর্গণনার দাবি করেছেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাওসহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থকরা। আখতার হোসেনের সমর্থকদের ওপর হামলা ও লুটপাটের অভিযোগও উঠেছে।
হারাগাছ পৌরসভা কাউনিয়া উপজেলার অন্তর্গত এবং রংপুর-৪ আসনের অংশ। এলাকাটিতে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আখতার হোসেনের আগামীকালের সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনা রংপুর-৪ আসনের নির্বাচনি ফলাফল ঘিরে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে। বিএনপির দাবি, ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করে পাল্টানো হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে ১১-দলীয় জোট আখতার হোসেনের বিজয়কে জনগণের রায় বলে দাবি করছে।