রিয়াল মাদ্রিদের অপ্রত্যাশিত হারে সুযোগ তৈরি হয়েছিল শীর্ষে ফেরার। বার্সেলোনা সেই সুযোগটা লুফে নিল দারুণভাবেই। লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এক সপ্তাহ পর আবারও লা লিগার শীর্ষে ফিরল বার্সা।
টানা কয়েক সপ্তাহ শীর্ষে থাকার পর গত সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল বার্সা। একদিন আগে রিয়াল মাদ্রিদ ওসাসুনার কাছে হেরে গেলে নতুন করে আশার আলো খুঁজে পায় কাতালানরা।
ক্যাম্প ন্যুতে ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সা। মার্ক বার্নালের গোলে লিড নেয় বার্সা। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করেছিল লেভান্তে। তবে গোল আর শোধ করা হয়নি তাদের।
৮১ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফিরমিন লোপেজ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল বার্সা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০।