Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: দুর্ঘটনা প্রতিরোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ বাস্তবায়নে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন।

রিট আবেদনে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর ঘটনায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। জনস্বার্থে এই রিট দায়ের করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০১৪ সালে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় শিশু সাজিদ এবং চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশু মিসবাহ একইভাবে প্রাণ হারায়।

এসব মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত সারাদেশের সব পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাট করে সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর