কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নৌকায় থাকা এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত নৌকা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।