Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে গাড়ি কিনতে গিয়ে অপহৃত সেনাসদস্য উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯

উদ্ধার হওয়া সেনাসদস্য।

সিলেট: ফেনীতে গাড়ি কিনতে গিয়ে অপহৃত হওয়া অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে উদ্ধার করেছে র‍্যাব-৭। উদ্ধার হওয়া ব্যক্তি ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. মাসুম আহমেদ (৩০)। তার সেনা নম্বর ১২৩৪২০৩, সাবেক ইউনিট ২৫ এডি রেজিমেন্ট, আর্টিলারি। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ফেনী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‍্যাব-৭’র একটি দল তাকে উদ্ধার করে।

র‍্যাব সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মো. মাসুম আহমেদ সিলেট থেকে একটি প্রাইভেটকার কিনতে ফেনীতে যান। ওই দিন রাত ১০টার দিকে ফেনী শহর থেকে একদল ছিনতাইকারী তাকে অপহরণ করে।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় তার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করতে না পারায় পরিবারের পক্ষ থেকে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান ফেনীতে শনাক্ত করে। বিষয়টি র‍্যাবকে জানানো হলে ফেনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অপহৃত সেনাসদস্যকে উদ্ধার করে।

র‍্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান (পিএসসি) জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একইসঙ্গে অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

প্রচারণায় বুবলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর