ঢাকা: অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময় চতুর্থ দফা বাড়ল। এর ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর দ্বিতীয় সচিব মো. একরামুল হক-এর সই করা চিঠিতে এ তথ্য জানা গেছে।
এর আগে তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
আর দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি ও প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন।
প্রসঙ্গত: চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।