ঢাকা: চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতি ও অর্থছাড়ের তুলনায় কিস্তি বাবদ অধিক পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
ইআরডি’র তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া মোট প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে ২২৭ কোটি ৪০ লাখ ৫০ হাজার ডলার। আলোচ্য সময়ে অর্থছাড়ের পরিমাণ হচ্ছে ২৬৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার। এর বিপরীতে একই সময়ে কিস্তি বাবদ মোট বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে ২৬৭ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে অর্থছাড়ের তুলনায় মোট ৩ কোটি ৫২ লাখ ডলার অধিক বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে। গত অর্থবছরের প্রথম ৭ মাসে মোট প্রতিশ্রুতি ও অর্থছাড়ের পরিমাণ ছিল যথাক্রমে ২৩৫ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং ৩৯৩ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার।
তবে গত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও চলতি অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ বেশি। গত অর্থবছরে এ সময়ে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল ২৪১ কোটি ৮৯ লাখ ডলার। এটি চলতি অর্থবছরের তুলনায় ২৫ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার কম।