সুপার এইটের শেষপ্রান্তে পৌঁছে গেছে এবারের টি-২০ বিশ্বকাপ। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই স্পটের জন্য লড়ছে দুই গ্রুপের আরও ৪ দল। সেমিতে উঠতে বাকি দলগুলোর সামনে কী সমীকরণ?
সুপার এইটের ১ নম্বর গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ২ নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড উঠে গেছে শেষ চারে। বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে টিকে আছে চারটি দল। ১ নম্বর গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত এবং ২ নম্বর গ্রুপে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাদ পড়ে গেছে জিম্বাবুয়ে ও শ্রীলংকা।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড আজকের ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হারলে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ চারে ১ নম্বর গ্রুপের শীর্ষ দলকে পাবে ইংলিশরা। ইংল্যান্ডকে হারালে তো বটেই, এই ম্যাচ ভেসে গেলেও শেষ চার নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। হেরে গেলেও সুযোগ থাকবে দলটির। পাকিস্তান শ্রীলংকাকে হারালে নেট রান রেটে হিসাব-নিকাশেও সেমিফাইনালের টিকিট পেতে পারে কিউইরা।
পাকিস্তানের ভাগ্য আর নিজেদের হাতে নেই। আজ নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারালে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেও পাকিস্তান বিদায় নেবে। নিউজিল্যান্ড হেরে গেলেই শুধু সুযোগ থাকবে পাকিস্তানের। শ্রীলংকাকে হারিয়ে নেট রান রেটের হিসাব মেলাতে হবে দলটিকে।
কার্যত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি। যারা জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে। ম্যাচ পরিত্যক্ত হলে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ।