ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর অপরাধপ্রবণ এলাকা। বিশ্ববিদ্যালয় জীবনে ১৯৮৬ সালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাশ দিয়ে এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় আমি নিজেও ছিনতাইয়ের শিকার হয়েছিলাম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনের সময় মোহাম্মদপুর এলাকায় গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইজিপি বলেন, মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। এ কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এরই মধ্যে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করেছে। কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। রাজধানীতে ফুটপাত দখল হওয়ার পর এখন সড়কও দখলের শিকার। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, কঠোরভাবে দমন করা হবে। হোয়াইট-কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।