ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে প্রায় ৩০০ কোটি (তিন বিলিয়ন) ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। অন্যদিকে আলোচ্য সময়ে ৩০৫ কোটি ডলারের অধিক বৈদেশিক ঋণ ছাড় করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইআরডি’র তথ্য মতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাস (জুলাই ২০২৫-ফেব্রুয়ারি ২০২৬) পর্যন্ত সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ২৮৯ কোটি ৯৭ লাখ ডলার পরিশোধ করা হয়েছে।
আলোচ্য সময়ে বৈদেশিক ঋণ ও অনুদান মিলিয়ে মোট অর্থ ছাড়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৫ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার।
অন্যদিকে একই সময়ে মোট ২৪৩ কোটি ১০ লাখ ৬০ হাজার ডলারের সম পরিমাণ ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে।
ইআরডি’র তথ্য মতে, আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ৭ কোটি ৭৭ লাখ ডলারের অধিক ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে।
তবে প্রতিশ্রুতি বাড়লেও গত অর্থবছরের তুলনায় অর্থ ছাড়ের পরিমাণ কমেছে। গত অর্থবছরের প্রথম ৮ মাসে ৪১৩ কোটি ৪৪ লাখ ডলার ছাড় করা হয়েছিল। যা চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় ১০৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার বেশি।
এছাড়া গত অর্থবছরের প্রথম ৮ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ২৬ কোটি ৩২ লাখ ডলার অধিক বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।