Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করনীতি শক্তিশালী ও সহযোগিতা বাড়াতে আইসিএমএবি’র গুরুত্বারোপ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৭:৩৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৯:০৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব মো. আবদুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাওসার আলম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাতে পেশাগত উন্নয়ন, করনীতি শক্তিশালীকরণ এবং এনবিআর ও আইসিএমএবির মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রতিনিধিদল ট্যাক্স কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে রাজস্ব প্রশাসনের সংস্কার কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রাখার আগ্রহও প্রকাশ করে আইসিএমএবি।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. কাওসার আলম বলেন, পেশাদার হিসাববিদরা একটি স্বচ্ছ ও কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এনবিআরের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সিএমএরা নীতি প্রণয়ন, কর অনুবর্তিতা বৃদ্ধি এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান দেশের আর্থিক ও কর ব্যবস্থায় পেশাদার হিসাববিদদের অবদানের প্রশংসা করেন। তিনি নিয়ন্ত্রক সংস্থা ও পেশাজীবী সংগঠনের মধ্যে ধারাবাহিক সংলাপ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠক শেষে পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, কর ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ ।

সারাবাংলা/এসএ/এসআর