ঢাকা: দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের মার্চে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩.৬২২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। একই সঙ্গে এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০.৭ শতাংশ বেশি।
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
গতকাল সোমবার (৩০ মার্চ) পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, শুধু একদিনেই (৩০ মার্চ) দেশে এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২০২৫ সালের মার্চ মাসের একই সময়ে প্রবাসী আয় ছিল ৩.২৭২ বিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ৩০ মার্চ পর্যন্ত) মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৬.০৭৬ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১.৭৬১ বিলিয়ন ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৯.৮ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি এবং প্রণোদনা সুবিধা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।