Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিগারেটে নতুন কর কাঠামো ও দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২০:৫১

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: সিগারেট ও তামাকজাত পণ্যে নতুন কর কাঠামো প্রণয়ন, দাম বৃদ্ধি ও রাজস্ব বাড়াতে কর কাঠামো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একই সঙ্গে চোরাচালান ও জাল স্ট্যাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে জব্দকৃত পণ্য জনসমক্ষে ধ্বংস করার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব কথা জানান।
অর্থ ও বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাথে এ প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির পক্ষে প্রস্তাব তুলে ধরেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। এসময় আরও বক্তব্য দেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসাধারণ সম্পাদক মানিক মুনতাছির প্রমুখ।

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের দেশে তামাকের দাম আশেপাশের দেশগুলোর তুলনায় কম। সে কারণেই আমরা চেষ্টা করব এখান থেকে রেভিনিউ বাড়ানোর জন্য ও নতুন করে কোনো কর কাঠামো করা যায় কি না। এতদিন পর্যন্ত যেটা আমাদের ছিল যে আমরা চারটা লেয়ারে প্রাইস ঠিক করে দিয়েছি এবং ট্যাক্স কিন্তু আমরা এক্সট্রিম জায়গায় চলে গেছি। ৮৩ শতাংশ ট্যাক্স আছে। আর বিড়ির ক্ষেত্রে আপনারা বলেছেন যে এখানে বিড়ি এবং গুলে ব্যাপক ফাঁকি হয় এটা আমরা সবাই জানি। আপনাদের সহযোগিতা লাগবে। এখানে বিড়ি শ্রমিকের সংখ্যা বেশি। আমরা যখনই এখানে একটু রেশনালাইজ করতে চাই, সাথে সাথে একটা বড় নয়েজ হয়। এটা যদি আগে থেকে আপনারা একটু হেল্প করেন, তাহলে আমরা এই জায়গাটাতে ঠিকমতো অ্যাড্রেস করতে পারব।

তিনি বলেন, ডেফিনেটলি তামাক এবং বিড়ি আমরা প্রত্যেক বছর তামাকের অ্যাডজাস্টমেন্ট করি। বিড়িতে এটাকে রেশনালাইজ করা এবং যৌক্তিক করার একটা কাজ আছে আমাদের। বাস্তবতা হলো আমরা অনেক সময় মনে করি যে ট্যাক্স বাড়িয়ে দিলে জালজালিয়াতি বেড়ে যায়। আসলে কম হলেও জালজালিয়াতি হয়। অর্থাৎ এটা সারা দুনিয়াব্যাপী একটা প্রবণতা আছে যে ট্যাক্স না দিয়ে কেমন করে থাকা যায়। আমাদের রেশনালাইজ করতে হবে এবং আমরা সেই চেষ্টাটা করব। আর নকলের বিরুদ্ধেও আমরা বড় কাজ করা শুরু করছি। আমরা মডার্ন টেকনোলজি ইউজ করে সিগারেট প্যাকেটগুলোর স্ট্যাম্প যাচাই করতে পারি।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে সিগারেটে কিআর কোড চালু করা হবে। সিগারেটের স্ট্যাম্প এর ক্ষেত্রে আমাদের হাজার কোটি টাকার রেভিনিউ লস হচ্ছে। এখন এগুলো রোধ করার জন্য আমরা অন্যান্য দেশের মতো আমরাও সিগারেটের প্যাকেটের মধ্যে এয়ার কোড এবং কিউআর কোড এগুলো ব্যবহার করব যাতে করে তারা নকল ব্যবহার করতে না পারে। পাশাপাশি আমরা আমাদের সাধারণ মানুষদেরকে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজে লাগাব। কেউ যদি কোনো নকল কিছু পায় সে অ্যাপ এর মাধ্যমে স্ক্যান করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সাথে সাথে আমরা তাকে পুরস্কৃত করব। আমরা এইভাবে ট্র্যাক অ্যান্ড ট্রেস মেকানিজম নিয়ে কাজ করতে চাই। আমরা আশা করি এই সব পদক্ষেপ নিলে জালজালিয়াতি কমবে।

পাশাপাশি এনবিআর রেগুলার প্রিভেন্টিভ অ্যাকশন হিসাবে জাল সিগারেটগুলো মিডিয়া ও জনসমক্ষে ধ্বংস করবে যাতে করে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। সিগারেটে এবং বিড়িতে এবারও আমরা চেষ্টা করব যে প্রাইসটা কিছুটা বাড়িয়ে এবং সম্পূর্ণ কর কাঠামো পরিবর্তন করে কীভাবে রেভিনিউ বাড়ানো যায়। এই জায়গা থেকে আমাদের বড় একটা টার্গেট আছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।