Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান যুদ্ধের সমাপ্তি দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৬ ০৯:৪০ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ০৯:৪২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র এখন শেষ পর্যায়ের দিকে এগোতে দেখছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ফক্স নিউজ চ্যানেলের হ্যানিটি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

রুবিও বলেন, ‘আমরা শেষটা দেখতে পাচ্ছি। আজ না, কালও না, তবে সেটি আসছে।’

বর্তমানে ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এ যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পালটা হামলা চালায়। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

রুবিও আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে পারে। ট্রাম্প এর আগে ইরানের সরকার পতন থেকে শুরু করে দেশটির সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব দুর্বল করার মতো বিভিন্ন লক্ষ্য তুলে ধরেছিলেন।

রুবিও দাবি করেন, বর্তমানে বিশ্বের কোনো দেশই এমন কিছু করছে না যা ইরানের পক্ষে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক মিশনে বাধা সৃষ্টি করছে।

এছাড়া যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্মূল্যায়নের কথাও বলেন তিনি। রুবিওর মতে, এই জোট এখনও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত এটি প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের দেখতে হবে, এই জোটটি এখনও আমাদের জন্য কার্যকর কি না, নাকি এটি একমুখী সম্পর্কে পরিণত হয়েছে, যেখানে আমেরিকাই শুধু ইউরোপকে রক্ষা করছে, কিন্তু প্রয়োজনের সময় মিত্ররা আমাদের সামরিক ঘাঁটি ব্যবহার বা আকাশপথ ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর