ঢাকা: বিমা খাতের দুর্বলতা তুলে ধরে শৃঙ্খলা ও সুশাসন জোরদারের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বুধবার (১ এপ্রিল) আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে এখনো কাঙ্ক্ষিত প্রফেশনালিজম গড়ে ওঠেনি। এর ফলে খাতটিতে শৃঙ্খলার অভাব ও কর ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি বলেন, একসময় মোটর বিমা বাধ্যতামূলক থাকলেও বর্তমানে তা কার্যকর নেই। এর পেছনে বিমা কোম্পানিগুলোর অদক্ষতা ও পেশাদারিত্বের ঘাটতিই মূল কারণ। বিমা খাতে দক্ষ জনবলের সংকটের পাশাপাশি দেশে কার্যত কোনো অ্যাকচুয়ারি (বিমা গাণনিক) নেই বললেই চলে, যা একটি বড় দুর্বলতা। এই পরিস্থিতিতে খাতে সুশাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, অনেক বিমা কোম্পানি গ্রাহকদের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করছে না। লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ শেষে গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধ না করা, এমনকি কর্মীদের অবসরকালীন সুবিধা না দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এসব অনিয়ম খাতটির প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।
তিনি বলেন, বিমা খাতে গভর্ন্যান্স উন্নয়ন এবং করদাতাদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। তা না হলে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আরও বাড়বে এবং খাতটি নিয়ে নেতিবাচক ধারণা দূর হবে না।