Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমানের সুলতানকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২০:৫১ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২১:৪১

– ছবি : সংগৃহীত

ওমানের সুলতান হাইথাম বিন তারিককে উদ্দেশ্য করে লেখা একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার (১এপ্রিল) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদীর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি তুলে দেন।

বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ওমানের সুলতানের কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওমানের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ওমানের ওপর হামলা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওমানে অবস্থিত বিপুল সংখ্যক বাংলাদেশীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য ওমান সরকারের অব্যাহত সমর্থনের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ওমান সরকারের যে কোন প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা এবং এই অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও উঠে আসে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এ অঞ্চলের দেশগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ ও তাঁদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও জোরদার করতে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন।