ঢাকা: জাতিসংঘের সভাপতি পদে মাল্টার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বাংলাদেশে নিযুক্ত মাল্টার অনাবাসী হাইকমিশনার রিউবেন গওসি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
বুধবার ( ১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে মাল্টার সমর্থন কামনা করেন।
উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য ও বাণিজ্যিক সহযোগিতা, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় তারা বাংলাদেশ ও মাল্টা দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ঢাকা থেকে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য মাল্টার ভিসা সেবা সহজ করার উদ্যোগকে স্বাগত জানান, যা সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হচ্ছে।
উভয় দেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।