ঢাকা: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে তারা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।
এর আগে গুলশানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসভবনে ১১দলীয় লিঁয়াজো কমিটির বৈঠক হয়।
১১ দলীয় ঐক্যের নেতা ডা. মোস্তাফিজুর রহমান ইরান সারাবাংলাকে জানান, শনিবার বিক্ষোভের পর ৭ এপ্রিল ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব বিস্মৃত, আহত ও মর্মাহত।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অবশ্যই রাজপথে যেতে হবে। তবে সংসদের থাকার কথা জানান তিনি।
সারাবাংলা/এমএমএইচ